বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক বছর বিনা মূল্যে Google AI Pro

বিশ্বজুড়ে শিক্ষার্থীদের জন্য এক বছর বিনা মূল্যে Google AI Pro ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। ‘Back to School’ প্রোগ্রামের আওতায় চালু করা এ সুবিধা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরাও নিতে পারবেন।
এই অফারের আওতায় শিক্ষার্থীরা এক বছর বিনা মূল্যে গুগলের উন্নত এআই সেবা Gemini ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি স্বাভাবিক ব্যবহারের তুলনায় বেশি ব্যবহারের সীমা, ৪০০ জিবি ক্লাউড স্টোরেজসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।
কারা পাবেন এই সুবিধা
বাংলাদেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ অফারের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। নিজের Gmail অ্যাকাউন্টের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার প্রমাণ হিসেবে বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র বা প্রয়োজনীয় নথি থাকতে হবে।
যেভাবে অফারটি নিতে হবে
প্রথমে ব্যক্তিগত Gmail অ্যাকাউন্ট দিয়ে ব্রাউজারে লগইন করতে হবে। এরপর Google One-এর Student Offer পেজে গিয়ে ‘Get Student Offer’ অপশনে ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে দেশ হিসেবে Bangladesh নির্বাচন করে নিজের বিশ্ববিদ্যালয়ের নাম ও ব্যক্তিগত তথ্য দিতে হবে। গুগল প্রয়োজনীয় তথ্য ও শিক্ষার্থী পরিচয় যাচাই করার পর যোগ্য হলে অফারটি সক্রিয় করার সুযোগ দেবে।
পড়াশোনায় Gemini-এর নতুন সুবিধা
শুধু বিনা মূল্যে সাবস্ক্রিপশন দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় Gemini আরও কার্যকর করতে বিভিন্ন সুবিধা যুক্ত করেছে গুগল।
Student Hub-এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ক্লাসের নোট ও সিলেবাস আপলোড করতে পারবেন। এসব তথ্য বিশ্লেষণ করে Gemini ব্যক্তিগত পড়ার নোট, ছোট শিক্ষামূলক পাঠ এবং কুইজ তৈরি করতে পারবে। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতিও পর্যবেক্ষণে সহায়তা করবে এআইটি।
এ ছাড়া জটিল বিষয় সহজভাবে বোঝাতে ইন্টারঅ্যাকটিভ ভিজ্যুয়ালাইজেশন, ত্রিমাত্রিক সিমুলেশন ও তথ্যের টেবিল তৈরির সুবিধা থাকবে। ফলে বিজ্ঞান, গণিতসহ বিভিন্ন কঠিন বিষয় শেখার ক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সহায়তা পাবেন।
Gemini Live-এর সঙ্গে Deep Research সুবিধাও শিক্ষার্থীদের জন্য আরও কার্যকরভাবে ব্যবহারের সুযোগ থাকছে।
গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই অফার গ্রহণের সুযোগ পাবেন। তাই যোগ্য শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের যোগ্যতা যাচাই করে অফারটি নেওয়ার চেষ্টা করতে পারেন।