স্টারলিংক আনলিমিটেড ইন্টারনেট: মাসিক চার্জ কত, কী সুবিধা?

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বখ্যাত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক (Starlink)। টেসলা ও স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা এলন মাস্কের এই উদ্যোগ ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট বিপ্লবের সূচনা করেছে। এবার বাংলাদেশের মানুষও এই প্রযুক্তির সুবিধা নিতে পারবেন।
মঙ্গলবার, ২০ মে সকালে স্টারলিংক তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বাংলাদেশে ইন্টারনেট সেবা চালুর বিষয়টি নিশ্চিত করে। এর আগে, সোমবার ১৯ মে বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে ফোনে বিষয়টি জানায় স্টারলিংক কর্তৃপক্ষ।
প্রাথমিক প্যাকেজ ও খরচ
বাংলাদেশে স্টারলিংক শুরুতে দুটি প্যাকেজ চালু করেছে:
-
Starlink Residential: মাসিক খরচ ৬,০০০ টাকা
-
Starlink Residential Lite: মাসিক খরচ ৪,২০০ টাকা
-
ডিভাইস সেটআপ চার্জ (এককালীন): ৪৭,০০০ টাকা
ইন্টারনেট গতি ও সীমাহীন ডেটা
স্টারলিংকের ইন্টারনেট সেবায় নেই কোনো স্পিড বা ডেটা লিমিট। একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। দেশের যেসব জায়গায় এখনো ফাইবার অপটিক বা দ্রুতগতির ব্রডব্যান্ড পৌঁছেনি, সেখানে এটি হবে একটি কার্যকর ও বিকল্প সমাধান।
স্টারলিংকের সেবা বাংলাদেশের ফ্রিল্যান্সিং, স্বাস্থ্যসেবা, অনলাইন শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য খাতে বিশাল পরিবর্তন আনতে পারে। শহর ছাড়াও গ্রাম ও দুর্গম এলাকায় ইন্টারনেট সুবিধা পৌঁছে যাওয়ায় এনজিও, উদ্যোক্তা ও শিক্ষার্থীরা সারাবছর নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “খরচ তুলনামূলক বেশি হলেও এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমানের ও টেকসই ইন্টারনেট সেবার একটি বিকল্প। এটি দেশের ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করবে।”
স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা বাংলাদেশের প্রযুক্তি ও যোগাযোগ খাতে একটি মাইলফলক। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য আরও একধাপ এগিয়ে গেল।