ই-সেবা
৬৪ জেলায় ফ্রি এআই প্রশিক্ষণ, দৈনিক মিলবে ২০০ টাকা ভাতা

দেশের তরুণদের প্রযুক্তিভিত্তিক দক্ষতায় সমৃদ্ধ করতে ৬৪ জেলায় সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দুই মাসের বেসিক প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। এই প্রশিক্ষণে অংশ নিতে কোনো ফি লাগবে না; উল্টো প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা ও খাবার পাবেন প্রশিক্ষণার্থীরা। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন সংস্থাটির মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছর বয়সী যেকোনো পুরুষ ও নারী এতে আবেদনের সুযোগ পাবেন। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এইচএসসি বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার ও তথ্য-প্রযুক্তিতে (আইসিটি) প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। বাছাইয়ের ক্ষেত্রে আইসিটির মৌলিক ধারণার পাশাপাশি ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। পুরো প্রশিক্ষণ কার্যক্রমটি দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে পরিচালিত হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কার্যক্রম।